কর্নেলহাটে ফার্নিচার দোকানে ভয়াবহ আগুন
আগ্রাবাদ, বন্দর, নন্দনকানন ও কুমিরা স্টেশনের ১৩টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ছবি: বাংলানিউজ
চট্টগ্রাম: নগরীর সিটি গেট-কর্নেল হাট এলাকায় ৩৬ মালিকের ২৩টি ফার্নিচারের দোকান ও কারখানা এবং ১০০ কক্ষের ১০টি সেমিপাকা-কাঁচা বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বেলা সোয়া ১১টায় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পরিচালক মো. জসীম উদ্দিন বাংলানিউজকে ঘটনাস্থল থেকে জানান, কাট্টলীর কর্নেল হাট-সিটি গেট এলাকার মীর ফিলিং স্টেশনসংলগ্ন প্রায় ১৫-২০টি ফার্নিচারের দোকান ও কারখানা আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস এখন ডাম্পিং বা ছাই চাপা আগুন নেভানোর কাজ করছে।
তিনি জানান, একেকটি দোকানে একাধিক ব্যক্তির মালিকানা রয়েছে। আগুনের সূত্রপাত হয়েছে একটি ফার্নিচার কারখানা থেকে। জাহাজভাঙা শিল্পের পুরোনো জাহাজের আসবাব ও কাঠের ওপর নির্ভর করে এসব ফার্নিচারের দোকান ও কারখানা গড়ে তোলা হয়েছে। প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে।
তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
সূত্র : বাংলানিউজ
Comments
Post a Comment