চট্টগ্রামের সমাবেশে গণতন্ত্র ফেরানোর ডাক দিলেন আমীর খসরু
চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যাত্রা শুরু হয়েছে, যার লক্ষ্য জনগণের কাছে দেশের মালিকানা হস্তান্তর করা। তিনি বলেন, গত ১৬ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্রের জন্য ত্যাগ, জেল, গুম ও খুনের শিকার হয়েছে। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে 'জুলাই গণঅভ্যুত্থানের' প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিজয় র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সৈনিক হিসেবে তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়তে চায়। জনগণ এখন ধানের শীষ ও জাতীয়তাবাদী শক্তির পক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, “আমরা এখন নির্বাচনের সড়কে প্রবেশ করেছি, এবং জনগণ ধানের শীষের অপেক্ষায় আছে। লক্ষ লক্ষ মানুষের আজকের এই সমাবেশ প্রমাণ করে যে তারা গণতন্ত্রের পক্ষে।” তিনি নেতাকর্মীদের গণতন্ত্রের এই যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে এমন যেকোনো শক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।
আমীর খসরু বলেন, কিছু শক্তি গণতন্ত্রের বিরুদ্ধে সক্রিয় হয়েছে, কিন্তু তাদের জন্য আর কোনো জায়গা থাকবে না। “বাংলাদেশে আর জনগণকে বাদ দিয়ে দেশ চালানো যাবে না,” উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা জনগণকে বাইরে রেখে দেশ চালিয়েছেন, যা দেশের মানুষ আর কখনো মেনে নেবে না।
বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে আগামী ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রাথমিক চিকিৎসা হবে বিনামূল্যে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করা হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, আবুল হাশেম বক্কর, আবু সুফিয়ান, হুম্মাম কাদের চৌধুরী, তরিকুল ইসলাম তেনজিং এবং ইদ্রিস মিয়া। সমাবেশ পরিচালনা করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা।
বিজয় র্যালি ও অন্যান্য নেতার বক্তব্য
সমাবেশ শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি বিজয় র্যালি নিউ মার্কেট মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি কোতোয়ালী মোড়, লালদিঘী, বক্সিরহাট, আন্দরকিল্লা, চেরাগি মোড় হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান বক্তা মাহবুবের রহমান শামীম বলেন, শেখ হাসিনাকে গণহত্যাকারী আখ্যা দিয়ে তাঁকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করতে হবে। তিনি নেতাকর্মীদের আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বলেন।
সাবেক সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন। তিনি বলেন, বিএনপির নেতৃত্বে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ।
ব্যারিস্টার মীর হেলাল বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি সফল বাংলাদেশ গড়া হবে এবং নির্বাচনের মাধ্যমেই ধানের শীষ ক্ষমতায় আসবে।







Social Plugin